মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, 'জঙ্গিবাদ দমন করলেই হবে না, এর মূলোৎপাটন করতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।'
তিনি বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্থানীয় হায়দরাবাদ হোসেনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, 'জঙ্গি ও সন্ত্রাস দমনে এবং যুদ্ধাপরাধীদের বিচারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না এবং যাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ নেই তাদের সাথে কোন ঐক্য হবে না।'
হাজী মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ এড. আজমত উল্লাহ খান সহ প্রমুখ।
ইত্তেফাক/এসএস