উল্টো পথের বাসচাপায় শিক্ষার্থী নিহত

 

বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনা থামার বদলে যেন বেড়েই চলেছে। সে ধারাবাহিকতায়  ঢাকা-মাওয়া মহাসড়কের মেদিনীমন্ডল এলাকায় এবার একটি বাস উল্টো পথে চালিয়ে এক শিক্ষার্থীকে চাপা দিয়ে মেরেছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থীর নাম অনন্ত (১২)। সে মেদিনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও উত্তর মেদিনীমন্ডল এলাকার মালয়েশিয়া প্রবাসী রাজা মিয়ার ছেলে। শনিবার বেলা ২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মেদিনীমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ‘বনফুল পরিবহন’ এর বাসটিকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় টিফিন পিরিয়ডে স্কুল থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল অনন্ত। তখন বেপরোয়া গতিতে উল্টো পথ ধরে ছুটে আসা ঢাকা-খুলনা রোডের বনফুল পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-২১৮০) শিক্ষার্থী অনন্তকে চাপা দেয়। 

ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ রামগড়ে বিজিবির হাতে আটক ৮ ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

এ ঘটনায় লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যাত্রীবাহী বাসটি উল্টো পথে গিয়ে শিক্ষার্থী অনন্তকে চাপা দেয়। পুলিশ বাসটি আটক করতে সক্ষম হয়েছে। কিন্তু চালক ও হেলপার পালিয়ে গিয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ওই বাসের চালক-হেলপার ও মালিককে খুঁজে বের করা হবে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইত্তেফাক/নূহু