আবার একসঙ্গে সালমান-হর্ষালি

বজরঙ্গি ভাইজান-এর মুন্নিকে নিশ্চয়ই মনে আছে? মনে না থাকার কোনও কারণও নেই। ছবিতে কোনও কথা না বলেই কোটি কোটি সিনেপ্রেমীর মন জয় করে নিয়েছিল মিষ্টি মুখের ছোট্ট হর্ষালি মালহোত্রা। সালমান খানের স্টারডমকে রীতিমতো টেক্কা দিয়েছিল বি-টাউনের এই খুদে অভিনেত্রী।
 
অনস্ক্রিনে ঝড় তোলার পর ‘মামা-ভাগ্নি'র অফস্ক্রিন সম্পর্কও আরও মজবুত হয়েছে। বছর ঘুরে গেলেও নানা দুষ্টু-মিষ্টি কারণে হামেশাই সংবাদের শিরোনামে থাকে সে। সোশ্যাল মিডিয়ায় এখন হর্ষালির ফ্যানের সংখ্যাও নেহাত কম নয়। সালমান-মুন্নি জুটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। ফের একসঙ্গে কাজ করতে চলেছে মামা-ভাগ্নি।
 
না, আপাতত ‘বজরঙ্গি ভাইজান পার্ট টু' আসার কোনও খবর নেই। আসলে একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করছে হর্ষালি ও তার সালমান আঙ্কেল। দাবাং খানের সঙ্গে শুটিং করার খবরটি হর্ষালি নিজেই জানিয়েছে।
 
ফেসবুকে সালমানের সঙ্গে একটি ছবি পোস্ট করে সে লিখেছে, 'সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজ। খুব তাড়াতাড়ি আসছি!'
 
তিনঘণ্টার লম্বা ছবিতে হয়তো এখনই সালমান ও হর্ষালিকে দেখা যাবে না। তবে টিভি খুললেই এই জুটিকে দেখতে পাওয়ার মজাই বা কম কীসের?
 
ইত্তেফাক/এএম