আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ১৪

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাল্ক প্রদেশে এক বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন।
 
বৃহস্পতিবার প্রদেশটির খুলম জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। 
 
বাল্ক প্রদেশের আব্দুল রাজ্জাক কাদেরি নামে এক কর্মকর্তা জানায়, ঘটনাস্থলে একটি ব্যাগে থাকা বিস্ফোরকের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। কিন্তু কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। 
 
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে আসাদুল্লাহ শারিফি নামে দেশটির পার্লামেন্টের এক সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হতে পারে। বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে তার অবস্থা সম্পর্কে জানা যায়নি।