কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবির কর্মসূচি

 
আগামীকাল শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০ তম মৃত্যুবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 
 
এ উপলক্ষে কাল বাদ ফজর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৭টায় কলাভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অফিসার ও কর্মচারীরা জমায়েত হবেন। সেখান থেকে তারা সকাল সোয়া ৭টায় উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে কবির মাজারে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। 
 
পরে কবির মাজার প্রাঙ্গণে উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন বাংলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. বেগম আকতার কামাল।
 
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অফিসার-কর্মচারীসহ সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।- বাসস
 
 
ইত্তেফাক/কেকে