ফাঁকা গুলিতে ইরানি জাহাজকে মার্কিন যুদ্ধজাহাজের সতর্কতা

পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ থেকে ইরানের একটি সামরিক জাহাজকে লক্ষ্য করে সতকর্তাস্বরুপ গুলি চালানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ কথা জানিয়েছে। এদিকে ইরানের জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন নিয়ে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
 
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, ইরানি নৌযানটি মার্কিন টহল জাহাজ ইউএসএস স্কুয়ালের দুইশ গজের মধ্যে মুখোমুখি হলে তিনটি ফাঁকা গুলি করা হয়। এর পর সেই নৌযানটি ফিরে যায়। কুক জানান, এটা গত সপ্তাহে মার্কিন জাহাজগুলোকে ইরানি নৌযানগুলোর হয়রানি করার কয়েকটি ঘটনার একটি। তিনি বলেন, ইরানি জাহাজগুলোর উদ্দেশ্য স্পষ্ট না। কিন্তু নৌযানগুলো আন্তর্জাতিক জলসীমায় থাকায় তাদের এই আচরণ গ্রহণযোগ্য নয়। তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল হোসেইন দেহগান বলেন, যুক্তরাষ্ট্রের জাহাজগুলো তাদের সমুদ্রসীমায় প্রবেশ করেছিল। তিনি বলেন, কোনো বিদেশি জাহাজ তার দেশের জলসীমায় ঢুকলে, তার বাহিনী সেটাকে সর্তক কিংবা ও মোকাবেলা করবে।
 
উল্লেখ্য, এ বছর জানুয়ারিতে ইরানি জলসীমায় প্রবেশের পর ১০ মার্কিন নাবিককে বন্দুকের মুখে আটক করেছিল ইরান। পরে সমুদ্র বিষয়ক একটি তদন্তে তারা ভুলভাবে নৌচালনা করেছিলেন বলে প্রমাণিত হয়।  ওই একই মাসে পরমাণু কর্মসূচি সীমিত করায় পশ্চিমা শক্তি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্কে একটি পরিবর্তনের আগমনী বার্তা দিয়েছিল। -বিবিসি
ইত্তেফাক/এমএএস