ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর আমিনুল হত্যা মামলায় ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মনিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, শফিকুল ইসলাম ওরফে অরণ্য (২৫) তার স্ত্রী মেহজাবিন মুন (১৮), শাশুড়ি মৌসুমী ইসলাম ওরফে জোস্না (৪০) ও খালা শাশুড়ি শিউলী (২৮)। গত ২০ আগস্ট সকালে দক্ষিণ কেরানীগঞ্জের মুজাহিদনগর এলাকায় রাস্তার পাশ থেকে গলাকাটা অবস্থায় আমিনুলের লাশ উদ্ধার করে পুলিশ। রাজধানীর কদমতলী থানার মুরাদপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তিনি একা থাকতেন। স্ত্রী সন্তানরা থাকেন বরিশালের মুলাদি থানার গলইভাঙ্গা গ্রামে। এ ঘটনায় ওই দিনই নিহতের বড় ভাই রেজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর পরই আসামিরা পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তি ও নিজস্ব সোর্সের মাধ্যমে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে তাদের আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, চাপাতি, মোটরসাইকেল ও কিলিং মিশনের সময় অরণ্যের পরিহিত রক্তমাখা জামাটি উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এসএস