জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল চেক প্রজাতন্ত্রে সফরকালে সম্ভাব্য এক আততায়ীর হামলা থেকে রক্ষা পেয়েছেন। বন্দুক নিয়ে মের্কেলের গাড়িবহরে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন তিনি।
গত বৃহস্পতিবার চেক প্রধানমন্ত্রী বহুস্লাভ সোবোক্তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে প্রাগে যান অ্যাঙ্গেলা মার্কেল। দেশটির পুলিশ জানিয়েছে, মার্কেলের কনভয় যখন প্রাগ বিমানবন্দর থেকে শহরের দিকে যাচ্ছিল, তখন একটি কালো মার্সিডিজ গাড়ি কনভয়ে ঢুকে পড়ার চেষ্টা করে। পুলিশের গাড়ি থেকে ওই মার্সিডিজের চালককে সতর্ক করা হয়। কনভয়ে ঢুকতেও তাকে বারণ করা হয়। কিন্তু সে কথা শোনেনি। পুলিশের একটি গাড়ি সেটির পথ আটকানোর চেষ্টা করলে, মার্সিডিজটি তাকে পাশ কাটিয়ে মার্কেলের গাড়ির আরও কাছাকাছি চলে যায়। বেগতিক বুঝে পুলিশ চলন্ত অবস্থাতেই ঘিরে ফেলে মার্সিডিজটিকে। না থামলে গুলি চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এরপর ওই সন্দেহভাজন গাড়ি থামায়। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
জার্মান চ্যান্সেলরের উপরে হামলার জন্যই যে ওই সশস্ত্র ব্যক্তি কনভয়ে ঢুকেছিল, তা চেক পুলিশ স্পষ্ট করেনি। তবে পুলিশের মুখপাত্র প্রাগে জানিয়েছেন, বড়সড় ক্ষতি করার জন্যই ওই ব্যক্তি কনভয়ে ঢুকেছিল।