চলতি সপ্তাহের শুরুতে ইউএস ওপেনের প্রস্তুতি টুর্নামেন্ট সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে হেরে যান অ্যান্ডি মারে। তবে বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে জয় চান উইম্বলডন ও অলিম্পিক জয়ী তারকা।
এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ২৯ বছর ব্রিটিশ নাম্বার ওয়ান। স্বদেশি ড্যানিয়েল ইভান্সের সঙ্গে কোর্টে প্র্যাকটিস করে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মারে।
ফর্মের তুঙ্গে থাকা মারে ব্রাজিলে অনুষ্ঠিত রিও অলিম্পিকে ইতিহাস গড়েন। একক ইভেন্টে একমাত্র টেনিস খেলোয়াড় হিসেবে জেতেন দ্বিতীয় গোল্ড মেডেল। যদিও এর পরেই সিনসিনাটির শিরোপা নির্ধারণীতে তাকে হতাশা উপহার দেন ক্রোয়েশিয়ান মেরিন সিলিক।
এর আগে গত মাসে ঘরের মাটিতে দ্বিতীয়বারের মতো উইম্বলডনের ট্রফি উঁচিয়ে ধরেন মারে। তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ীর সামনে এবার ইউএস ওপেন পুনরুদ্ধারের চ্যালেঞ্জ।
আগামী ২৯ আগস্ট নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে ১৩৬তম ইউএস ওপেনের পর্দা উঠবে। ইনজুরির কারণে এবারের আসরে থাকছেন না সুইস তারকা রজার ফেদেরার।