সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় খালকুলায় নব নির্মিত নর্দান সমবায় ফিলিং স্টেশনে স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা দাবির প্রতিবাদে শাহজাদপুরের বাঘাবাড়ি ডিপু থেকে উত্তরবঙ্গে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিয়ে ট্যাংলরি শ্রমিকরা বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেছে।
শনিবার সকাল সাড়ে নয়টা থেকে উত্তরবঙ্গ ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই অবরোধে সড়কের উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
উত্তরবঙ্গ ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আলী শেখ জানান, উপজেলার খালকুলায় নির্মাণ শেষে ফিলিং স্টেশনটি উদ্বোধনের পর থেকে স্থানীয় সন্ত্রাসীরা নানাভাবে চাঁদা দাবি করে আসছিল। পুলিশকে জানালেও কোন কাজ হয়নি।
তিনি আরো জানান, দোষীদের আটক করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করেছেন।