ইউএস ওপেন : সেমিতেই মুখোমুখি হতে পারেন জোকোভিচ-নাদাল

শুক্রবার অনুষ্ঠিত হলো বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের ড্র। সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে শেষ চারেই দেখা হয়ে যেতে পারে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ ও পাঁচবারের বিজয়ী স্প্যানিশ তারকা রাফায়ের নাদালের।
 
অলিম্পিকের প্রথম রাউন্ডে পোল্যান্ডের জার্জি জানোভিচের কাছে হতাশাজনক বিদায়ের পর থেকেই জোকোভিচ কব্জির ইনজুরিতে ভুগছেন।
 
২০১৩ সালের উইম্বলডনের সেমিফাইনালিস্ট জানোভিচ সাম্প্রতীক সময়ে হাঁটুর ইনজরি কাটিয়ে কোর্টে ফিরেছেন। অলিম্পিকের ডাবলসে স্বর্ণ পদক বিজয়ী চতুর্থ বাছাই স্প্যানিশ তারকা নাদাল কব্জির ইনজুরির কারণে উইম্বলডনে খেলতে পারেননি। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে তিনি উজবেকিস্তানের ডেনিস ইসতোমিনের মুখোমুখি হবেন।
 
অলিম্পিকে স্বর্ণ জয়ী দ্বিতীয় বাছাই এন্ডি মারে চেক রিপাবলিকের লুকাস রোসোলের বিপক্ষে ইউএস মিশন শুরু করতে যাচ্ছেন। গত বছর মিউনিখে এই দু’জন সর্বশেষ একে অপরের মোকাবেলা করেছিলেন। এদিকে হাঁটুর ইনজুরির কারণে এবার আর কোর্টে নামতে পারছেন না সুইস সেনসেশন রজার ফেদেরার। তার স্থানে সতীর্থ স্ট্যান ওয়ারিঙ্কা তৃতীয় বাছাই হিসেবে লড়াইয়ে নামবেন। স্প্যানিশ ফার্নান্দো ভারডাসকোর বিপক্ষে ওয়ারিঙ্কা ইউএস মিশন শুরু করবেন। শেষ ১৬-তে তার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে অস্ট্রেলিয়ান উঠতি তারকা নিক কিরগোয়িসকে।
 
২০০৯ চ্যাম্পিয়ন ও অলিম্পিকে রৌপ্যপদক পাওয়া আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন ডেল পোত্রোকে ওয়ারিঙ্কার শেষ আটের বিপদজনক প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে। চলতি বছর উইম্বলডনে এই জায়ান্ট আর্জেন্টাইনের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন ওয়ারিঙ্কা।