টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার বাইমহাটি এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, বাইমহাটি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণীর ছাত্রী জান্নাত আক্তার (৭) এবং সাভার এলাকার কলমা গ্রামের জলিল মিয়ার ছেলে ইয়াসিন (৮)। সে সাভারের কলমা গ্রামের ২য় শ্রেণীর স্কুলছাত্র ছিল। ইয়াসিন আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিল। আহত অবস্থায় জান্নাতের বড় বোন ইসমতারাকে উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, শনিবার দুপুর ১২টার দিকে দুই বোন জান্নাত ও ইসমতারা এবং তাদের বাড়িতে বেড়াতে আসা ইয়াসিন বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে ইয়াসিন ও জান্নাত পানিতে তলিয়ে যায়। তাদের বাঁচাতে গিয়ে ইসমতারাও ডুবে যায়। স্থানীয় লোকজন ঘটনা দেখতে পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী ইয়াসিন ও জান্নাতকে মৃত অবস্থায় এবং ইসমতারাকে জীবিত অবস্থায় উদ্ধার করে।
পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাইমহাটি গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ