সব নথিপত্র পুড়িয়ে ফেলে জঙ্গিরা

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অপারেশন শুরুর আগে জঙ্গিরা সব নথিপত্র পুড়িয়ে ফেলে এবং তাদের ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ভেঙে ফেলে বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশের এন্টি টেররিজম স্কোয়াডের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘অভিযানের বিষয়টি টের পেয়ে জঙ্গিরা সব নথিপত্র পুড়িয়ে ফেলে। আমরা সকালে জঙ্গিদের ওই ফ্ল্যাট থেকে আগুনের ধোয়া দেখতে পাই। অপারেশন শেষে ফ্ল্যাটে প্রবেশ করেও আমরা পুড়িয়ে ফেলা নথি, ভাঙা কিছু ডিভাইস দেখতে পেয়েছি।
 
প্রসঙ্গত, এর আগে কল্যাণপুরে পুলিশের অভিযানের আগেও জঙ্গিরা তাদের সব নথিপত্র, মেমোরি কার্ড, ল্যাপটপ, মোবাইলসহ অনেক সরঞ্জাম পুড়িয়ে ফেলে।
 
এদিকে আইজিপি একেএম শহীদুল হক বলেন, ‘পাইকপাড়া  কবরস্থান এলাকার তিনতলা ওই ভবনের তৃতীয় তলাতেই জঙ্গিরা অবস্থান করছিল। সকালে অভিযানের বিষয়টি টের পেয়ে জঙ্গি সদস্যরা তাদের সব ডকুমেন্ট ও আলামত আগুনে পুড়িয়ে ফেলে।’
 
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের পাইকপাড়ায় কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে রাজধানীর গুলশানে হলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ‘মাস্টারমাইন্ড’ কানাডা প্রবাসী তামিম চৌধুরী ও তার দুই সহযোগী নিহত হয়েছেন। 
 
শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়া কবরস্থানের পাশের একটি তিনতলা ভবনে ‘অপারেশন হিট স্ট্রং-২৭’ নামে এ অভিযান চালানো হয়। 
 
ইত্তেফাক/ইউবি