সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় ঈশ্বরদী পৌরসভার আমবাগান এলাকা

ঈশ্বরদী পৌর এলাকার বাজার সংলগ্ন আমবাগান এলাকা সামান্য বৃষ্টি হলেই খেলার মাঠ, রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। বাড়িতে বাড়িতে পানি ঢুকে পড়েছে। ঘরের থাকা আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। গত শুক্রবার রাতের বৃষ্টিতেই শহরের আমবাগান কলোনির রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বাসা-বাড়িও পানিতে ডুবে গেছে। পানি অপসারণের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে তা তলিয়ে যায়।
 
আমবাগানের বাসিন্দা আব্দুর রাজ্জাক, ইয়াসিন রহমান, সাকিবুল হাসান, আব্দুস সামাদ, শিউলী খাতুন ও জাহানারা বেগম বলেন, আমবাগানের প্রায় প্রতিটি বাড়ির পৌরকর পরিশোধ রয়েছে। আমরা পৌর নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমাদের এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, খেলার মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে যায়।
 
নিয়মিত ডাস্টবিনের ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীদের নাক-মুখ হাত দিয়ে চেপে চলাচল করতে হয়। বৃষ্টির পানিতে ডাস্টবিনের ময়লা-আবর্জনা রাস্তায় ভাসতে থাকে। প্রায়ই রাতের বেলায় আমবাগানের পৌর লাইট পোস্টের লাইটগুলো জ্বলে না। বর্ষার মৌসুমে রাতের বেলায় এলাকাবাসীর ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
 
 
ইত্তেফাক/এএন