কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

 
কুষ্টিয়ার মিরপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুকুল মুন্সী (৪৫) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে মিরপুর উপজেলার মশান নামকস্থানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পিস্তল, দুটি গুলি, দুটি চাপাতি ও ডাকাতিকাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। 
 
মুকুল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর বার মাইল গ্রামের মৃত ইউসুফ মুন্সীর ছেলে বলে জানা গেছে।
 
কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান নামকস্থানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‌্যাব-১২-এর একটি টিম রাত ৩টার দিকে সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি করলে ঘটনাস্থলে মুকুল মুন্সী মারা যান। এ সময় অন্যরা পালিয়ে যায়।
 
 
ইত্তেফাক/কেকে