হবিগঞ্জে ৪ শিশু হত্যার অভিযোগ গঠন পিছিয়েছে

হবিগঞ্জে বাহুবলে আলোচিত চার শিশু হত্যা মামলার অভিযোগ গঠন ফের পিছিয়েছে।
 
রবিবার নির্ধারিত তারিখে মামলার আসামি রুবেল মিয়ার বয়স নির্ধারণ নিয়ে জটিলতার কারণে অভিযোগ গঠন করেননি হবিগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন। আগামী ১ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
 
আদালত সূত্রে জানা গেছে, আসামীপক্ষের দাবি ছিল- রুবেল মিয়া অপ্রাপ্ত বয়স্ক। এর পরিপ্রেক্ষিতে আদালত সিভিল সার্জনের মতামত জানতে চান। শারীরিক পরীক্ষা শেষে হবিগঞ্জের সিভিল সার্জন তাকে প্রাপ্ত বয়স্ক বলে সনদ দেন। পরবর্তীতে তারা উচ্চ আদালতে বিষয়টি নিয়ে আপিল করবেন মর্মে একজন আইনজীবীর দেয়া পত্র আদালতে উপস্থাপন করেন। ফলে অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে দেন বিচারক। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশা জিম্মায় নেয়া এবং কারাগারে আটক আসামি আরজু মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। শুনানিকালে আদালতে আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, আরজু মিয়া ও সাহেদ আলী ওরফে সায়েদকে হাজির করা হয়।
 
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে বালু মহাল থেকে মাটি চাপা দেয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
 
ইত্তেফাক/ইউবি