নবাগত অভিনেতা আরেফ সৈয়দ। ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রটির মধ্য দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। সাফল্যের ঝুড়িতে পড়েছে বেশকিছু পুরস্কারও। এবার নতুন আরো এক সাফল্য গাঁথা হতে যাচ্ছে তার ক্যারিয়ারে। হলিউডের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
‘ক্রুশ অব দ্য কোহিনূর’ শিরোনামে ছবিটিতে আরেফ ছাড়াও ভারতের অনেকেই অভিনয় করবেন। মূলত ছবিটির বেশিরভাগ কলাকুশলী ভারতীয়। ছবিটি প্রযোজনা করছে হলিউডের জিরইয়াব এন্টারটেইনমেন্ট। পরিচালনা করবেন রাঘব মুরালি।
ছবিটিতে অভিনয় প্রসঙ্গে আরেফ বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। হলিউডের মতো বড় একটি ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাওয়াটা ভাগ্যের বিষয়। ছবিটি হিন্দি ও ইংরেজি ভাষায় নির্মিত হচ্ছে। যেহেতু বাংলাদেশের একজন হয়ে আমি অভিনয় করছি, তাই এখানে দায়িত্বটাও অনেক বড়। আমি চেষ্টা করবো অভিনয়ের মধ্য দিয়ে দেশের সুনাম ধরে রাখতে। আর দর্শকদের কাছে দোয়া চাইছি। ভালো কিছু যেন তাদের উপহার দিতে পারি।’
ছবিটির বেশিরভাগ দৃশ্য ধারণ হবে বাংলাদেশ ও ভারতে। ‘ক্রুশ অব দ্য কোহিনূর’ মূলত হীরা চুরির ঘটনা নিয়ে নির্মিত হবে। ছবিটি হলিউডে প্রথম মুক্তি পাওয়ার পর বলিউডে মুক্তি পাবে।