অনেকদিন ধরেই ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর ডুয়েট অ্যালবামের কাজ চলছিল। সঙ্গীতাঙ্গনে গুণী এই দুই শিল্পীর মধ্যে সম্পর্কটা সবারই জানা। কিন্তু ডুয়েট কোনো অ্যালবামে দুই বোনকে পাননি ভক্তরা। সেই জায়গাটা পূরণ হতে যাচ্ছে শিগগিরই।
অবশেষে সামিনা চৌধুরী ও ফাহমিদা নবীর দ্বৈত অ্যালবামের কাজ শেষ হয়েছে চলতি সপ্তাহে। অ্যালবামে দুই বোনের কণ্ঠে চারটি করে মোট আটটি গান থাকবে। সবগুলো গানই লিখেছেন জুলফিকার রাসেল। গানগুলোর সুর করেছেন নচিকেতা এবং সঙ্গীতায়োজন করেছেন সামিনা-ফাহমিদার ভাই পঞ্চম। অ্যালবামের শিরোনাম ‘এক আকাশের গান’।
অ্যালবামটি ঈদে রিলিজ হওয়ার কথা ছিল লেজার ভিশনের ব্যানার থেকে। কিন্তু সামিনা চৌধুরী হজে যাওয়ার কারণে তা পিছিয়ে ঈদের পর নেওয়া হয়েছে।