সিলেট সীমান্ত থেকে অস্ত্রসহ আটক ১

 
সিলেট সীমান্তে একটি উগ্রপন্থি সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশের 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার খাসিয়া অধ্যুষিত সংগ্রামপুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। 
 
এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ স্টালিন স্টারিয়াং (৩২) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটক স্টালিন গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার জহিলং কংওয়ান-এর ছেলে।
 
সিলেট গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, স্টালিনসহ উগ্রপন্থি সংগঠনের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে এসে অস্ত্র বিক্রি করে থাকে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এমন সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় উগ্রপন্থিরা। পুলিশও পাল্টা ১৮ রাউন্ড গুলি ছুড়ে। 
 
এক পর্যায়ে স্টালিনকে আটক করা হয় এবং অন্যরা পালিয়ে যায়।
 
 
ইত্তেফাক/কেকে