পর্যটকদের পরদেশি গেয়ে শোনালেন রণবীর

সুইজারল্যান্ডে ছুটির দিনগুলো এক্কেবারে ফিল্মি ঢংয়ে কাটাচ্ছেন বলিউড হার্টথ্রব রণবীর সিং। ছবিতে যেমন সিনেপ্রেমীদের মন জয় করেন, তেমনই অফ দ্য ক্যামেরাও ফ্যানদের বিনোদিত করে চলেছেন ‘বাজিরাও’। 
 
কখনও বরফ-ঢাকা পাহাড়ের মধ্যে ‘ডর’ ছবির শাহরুখ খান হয়ে উঠছেন, তো আবার কখনও লাস্যময়ীদের ভিড়ে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। সাহসী রণবীরকে স্কাই ডাইভিং করতেও দেখা গেছে। তার সব অদ্ভুত কাণ্ডই এখন ফেসবুক-টুইটারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে রণবীরের ফ্যানদের হয়তো জানা ছিল না যে, প্রিয় তারকার ঝুলিতে আরও অনেক অদ্ভুত কাণ্ড দেখানোর আছে।
 
নাচ তো হয়েছে, এবার গানের পালা! সেটাই করলেন নায়ক, হাতে বাদ্যযন্ত্র (অ্যাকর্ডিয়ন) নিয়ে আমির খানের সুপারহিট ছবি ‘রাজা হিন্দুস্তানি’র ‘পরদেশি পরদেশি যানা নহি’ গান গাইলেন। ধর্মের জাল ছিঁড়তে সুইজারল্যান্ডে আসা পর্যটকদের জন্য এই গান গেয়েছেন ‘বেফিকার’ রণবীর। গানের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল হয়ে গেছে।
 
এসবের মধ্যে দিয়ে আসলে নিজের আসন্ন ছবি ‘বেফিকার’র প্রচারটা ভালভাবেই সেরে ফেলছেন বি-টাউনের এই স্মার্ট অভিনেতা। ছুটিতেও নিজের ছবির প্রচার কীভাবে চালিয়ে যেতে হয়, তা রণবীরের থেকে হয়তো অনেক নায়কই শিখে নেবেন। এবার এই সুপারস্টারের ঝুলিতে কোন ম্যাজিক বের হয়, তারই অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা।
 
ইত্তেফাক/এএম