ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে দলটির ১৮৪ জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নাম চূড়ান্ত করার লক্ষ্যে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন প্যানেলের তৃতীয় দফা বৈঠকের একদিন পর এই তালিকা প্রকাশ করা হলো।
এই তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের বারানসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপির সভাপতি অমিত শাহ নির্বাচন করবেন গুজরাটের গান্ধীনগর থেকে। এই আসনের বর্তমান সাংসদ বিজেপির প্রবীণ নেতা এল কে আদভানি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উত্তর প্রদেশের লক্ষ্মে থেকে নির্বাচনে অংশ নেবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নদ্দা বিজেপি প্রার্থীদের এ তালিকাটি প্রকাশ করেন। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস সভাপতি রাহুলগান্ধীর বিরুদ্ধে আমেথি আসনে। ২০১৪ সালের নির্বাচনে তিনি রাহুল গান্ধীর নিকট পরাজিত হন।
আরও পড়ুনঃ পরকীয়ায় মজেছিলেন মা, গাড়িতেই মৃত্যু শিশুর
উল্লেখ্য, ভারতীয় লোকসভার ৫৪৩টি আসনে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ এপ্রিল এই নির্বাচন শুরু হবে এবং ভোট গণনা করা হবে ২৩ মে।
ইত্তেফাক/টিএস