স্কার্ট বা খাটো পোশাক পরবেন না, বিপদ হতে পারে। নিজের নিরাপত্তার জন্যই ওই ধরনের পোশাক এড়িয়ে চলুন। বিদেশি নারী পর্যটকদের এই 'পরামর্শ' দিলেন ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী মহেশ শর্মা।
আগ্রায় এক অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, 'বিদেশি নারী পর্যটকদের নিরাপত্তার জন্যই আঁটসাঁট কিংবা খাটো পোশাক পরা উচিত নয়। এমনকি, শোকার্তের মতো পোশাকও না পরাই ভালো। কারণ এই ধরনের পোশাক ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। এমন পোশাক পরে রাতে একলা বাইরে বের হওয়া উচিত নয়।'
এমন নির্দেশিকা ভারতে আসা বিদেশি নারী পর্যটকদের হাতে দিয়ে দেওয়া হবে বলেও জানান মহেশ শর্মা।
মহেশ শর্মা বলেন, 'কোনও বিদেশি পর্যটক ভারতে এলে আমরা তাদের হাতে একটি ওয়েলকাম কিট তুলে দিই। ওই কিটের মধ্যে থাকে একটি কার্ড। সেখানে এদেশে থাকাকালীন কী করা উচিত আর কী করা উচিত নয় তা লেখা থাকে। ভারতের সংস্কৃতির কথা মাথার রেখে মথুরা বা বৃন্দাবনের মতো জায়গায় তাদের যাওয়া উচিত বলেও পরামর্শ দেওয়া হয়।
গত বছর মহেশ শর্মা মন্তব্য করেন, রাতে মেয়েদের বাইরে বের হওয়া ভারতীয় সংস্কৃতির বিরোধী। তার ওই মন্তব্যে তখন ব্যাপক বিতর্ক তৈরি হয় ভারতে।
ইত্তেফাক/এএম