এখনও চূড়ান্ত হয়নি বাংলাদেশ দলের পেস বোলিং কোচ। যতদূর শোনা যাচ্ছে হিথ স্ট্রিকের পরিবর্তে কোচ হিসেবে নামকরা কেউ একজন দায়িত্ব পাচ্ছেন মাশরাফি-রুবেলদের কোচিং করানোর।
খ্যাতিমান কোচের কাছ থেকে ভালো কিছু শেখার অপেক্ষায় আছেন কামরুল ইসলাম রাব্বিও। সোমবার অনুশীলন শেষে এমনটিই বললেন জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকা এই পেস বোলার। গুঞ্জন আছে দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার অ্যালান ডোনাল্ড অথবা ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা পেসার কোর্টনি ওয়ালসের মতো বিখ্যাত কেউ আসছেন বোলিং কোচ হিসেবে।
এটাতে আপনারা অনুপ্রাণিত কিনা জানতে চাইলে রাব্বি বলেন, অবশ্যই। এইসব লিজেন্ডদের খেলা আগে আমরা টিভিতে দেখতাম, তখন তাদের নিয়ে চিন্তা করতাম। তাদের সাথে কাজ করাটা সত্যিই আমাদের জন্য অনেক আনন্দদায়ক হবে। এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। আর একটা সময় ছিলো যখন ওয়েস্ট ইন্ডিজের বোলাররাই পুরো ক্রিকেটটাকে শাসন করেছেন। যদি তেমন কেউ আসেন তাহলে অবশ্যই আমরা অনেক কিছু শিখতে পারব। তাছাড়া আমাদের পেস বোলিং আক্রমণ এখনও অনেক ভালো। আশা করছি আরো ভালো হবে।
দীর্ঘদিন থেকেই ক্রিকেট খেলে যাচ্ছেন কামরুল ইসলাম রাব্বি। সর্বশেষ ঢাকা লিগের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। জাতীয় দলের সুযোগের অপেক্ষায় আছেন জানিয়ে রাব্বি বলেন, ‘আমি অভিষেকের অপেক্ষায় আছি। ছয় সাত বছর হলো ক্রিকেট খেলছি। দোয়া করবেন যেন সুযোগ পেলে ভালো করতে পারি।’
ইত্তেফাক/এসএসএ