বাংলাদেশের বোলিং কোচ হচ্ছেন কোর্টনি ওয়ালশ!

বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ কে হবেন, এ নিয়ে একদিকে সংবাদ মাধ্যমে জল্পনা-কল্পনার শেষ নেই। অন্য দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ব্যাপারটাকে দারুণ রহস্যময় ও অনিশ্চিত এক আলোচনায় পরিণত করেছে।
 
রোজই পেছাচ্ছে বোলিং কোচের নাম ঘোষনার তারিখ। সেই সাথে রোজ বদলাচ্ছে অনুমান। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বোলিং কিংবদন্তী অ্যালান ডোনাল্ডকে পেছনে ফেলে গুঞ্জনে এখন এগিয়ে আছেন ক্যারিবিয় কিংবদন্তী, দৃষ্টিনন্দন ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ। 
 
মে মাসে হিথ স্ট্রিক বাংলাদেশের বোলিং কোচের পদ ছেড়ে দেওয়ার পর থেকে শুরু হয় বোলিং কোচ অনুসন্ধান।  প্রথম পর্বে সবচেয়ে এগিয়ে ছিলেন আকিব জাভেদ। পাকিস্তানের হয়ে ২২টি টেস্ট ও ১৬৩টি ওয়ানডে খেলা আকিবের নাম অনেকটা নিশ্চিতই করে ফেলেছিলেন বিসিবি কর্মকর্তারা। কিন্তু মাত্রই লাহোর কালান্দার্সে যোগ দেওয়া পাকিস্তানী এই সাবেক পেসার ‘না’ বলে দেন বিসিবিকে। তখন কর্মকর্তারা দাবি করেন, সংবাদ মাধ্যমে আগে থেকে নাম চলে আসায় চাকরি ছাড়তে সমস্যায় পড়েছেন আকিব। সেই থেকে বিসিবি এ ব্যাপারে কঠোর গোপনীয়তার সিদ্ধান্ত নেয়। 
 
এর মাঝে আকিব এসে হাই পারফরম্যান্সের কাজও করে যান। ততোদিনে আলোচনায় চলে আসেন আরেক উপমহাদেশীয় গ্রেট চামিন্দা ভাস। কিন্তু ভাস সে আলোচনায় পানি ঢেলে নিজের দল শ্রীলঙ্কায় বোলিং উপদেষ্টা হিসেবে যোগ দেন। এরপর আলোচনায় থাকেন অ্যালান ডোনাল্ড ও কোর্টনি ওয়ালশ। 
 
কার্যত এই দু জন এখনও আলোচনায় আছেন। রবিবারের আগ পর্যন্ত আলোচনায় এগিয়ে ছিলেন ‘সাদা বিদ্যুৎ’। দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২ টেস্টে ৩৩০ উইকেট এবং ১৬৪ ওয়ানডে ম্যাচে ২৭২ উইকেট নেওয়া ডোনাল্ড খুব বড় পছন্দ তাতে সন্দেহ নেই। অবসরের পর এই বিদ্যুৎ গতির সাবেক পেসার ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিজের দেশের জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচ ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বোলারদের মেন্টরও ছিলেন এ ডান-হাতি বোলার। আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বোলিং কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।
 
কিন্তু ডোনাল্ডের একটু পেছনে থাকা ওয়ালশ গতকাল থেকে হয়ে উঠেছেন আলোচনার মধ্যমনি।  বিসিবিরই কিছু সূত্র বলছে, কোনো বিশেষ দুর্বিপাক না ঘটলে অসামান্য পরিশ্রমী, টানা বোলিং করার ক্ষমতা সম্পন্ন ও উইকেটের নেশায় মাতোয়ারা সেই গ্রেট ওয়ালশকেই দেখা যাবে বাংলাদেশের দায়িত্বে। দুনিয়ার প্রথম বোলার হিসেবে পাচ শতাধিক উইকেট শিকার করা ওয়ালশ ক্যারিয়ার শেষ করেছিলেন ১৩২ টেস্টে ৫১৯ উইকেট নিয়ে। পাশাপাশি ২০৫টি ওয়ানডেতে ২২৭ উইকেট ছিলো তার। 
 
রবিবার রাতে জরুরি ভিত্তিতে নিজের বাসভবনে ডাকা সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোলিং কোচের নাম বলে দেবেন, এমন একটা আভাস ছিলো। কিন্তু শেষ অবদি তা হয়নি। তবে সভাপতি বলেছিলেন, আজ-কালকের মধ্যে সেটা ঘোষনা হয়ে যাবে,  ‘কোচের ব্যাপরে এখনোই কিছু বলা সম্ভব নয়। আমাদের অলমোস্ট সব ফাইনাল। তিনি একটি দলের সঙ্গে জড়িত। কাল তিনি পদত্যাগপত্র জমা দেবেন । এরপরই তার নাম ঘোষণা করা হবে।’
 
তবে গতকাল বিসিবির প্রধাণ নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আবার বললেন, ১ সেপ্টেম্বরের আগে নামটা ঘোষনা হচ্ছে না, ‘আসলে কিছু প্রক্রিয়াগত জটিলতা রয়ে গেছে। তাই ১ সেপ্টেম্বরের আগে কোনও নাম ঘোষণা হচ্ছে না। এরপরেই জানানো হবে।’
 
ইত্তেফাক/এসএসএ