কেরির সঙ্গে খোলাখুলি ও ফলপ্রসূ আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

 
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বাংলাদেশের সিনিয়র মন্ত্রীদের বৈঠক হয়েছে। বৈঠকে জঙ্গিবাদ ও ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে খোলাখুলি ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
 
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমকে এক ব্রিফিংয়ে মাহমুদ আলী বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা খুবই খোলাখুলি আলোচনা করেছি, এটা ছিল একটি ফলপ্রসূ আলোচনা।’
 
এ সময় আলীর পাশে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
 
আলী বলেন, আলোচনায় বেশি প্রাধান্য পায় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সহযোগিতার বিষয়টি। তবে তিনি তাত্ক্ষণিকভাবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এই ব্রিফিং বিস্তারিত বলার উপযোগী সময় নয়।
 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব বিষয় ক্রমান্বয়ে প্রকাশ করা হবে।’
 

ইত্তেফাক/এএম।