ফ্রান্সের একটি রেস্টুরেন্টের মালিক হিজাব পরা দুজন মুসলিম নারীকে তার রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছেন। সকল মুসলিমকে সন্ত্রাসী বলে গালাগাল দিয়ে এই কাজ করেন তিনি। সেখানকার অনলাইন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে।
ফ্রান্সের ট্রেম্বলে এন ফ্রান্স এলাকার লে সেনাকল রেস্টুরেন্টে ঘটনাটি ঘটে। রেস্টুরেন্টের মালিক বলেন, সন্ত্রাসীরা মুসলিম এবং মুসলিমরা সন্ত্রাসী। তিনি ওই দুই নারীকে বলেন, তোমাদের মতো মানুষ আমার দরকার নেই। তোমরা এখান থেকে বের হয়ে যাও। এই ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ব্যপকভাবে শেয়ার করা হয়েছে।
ফ্রান্সের পরিবার, নারী ও শিশু অধিকার বিষয়ক মন্ত্রী এ ঘটনা তদন্ত করে রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।
ফ্রান্সের সেক্যুলার সমাজে ধর্মীয় পোশাক নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। বুরকিনি নিয়ে বিতর্ক সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে সেখানে। -বিবিসি