অধ্যাপক ড. আইয়ুব নবী খান, উপাচার্য
বিজিএমইএ ফ্যাশন ডিজাইন টেকনোলজি ইউনিভার্সিটি, ঢাকা
সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। কয়েকদিন পরই তোমাদের জীবনে অতীব গুরুত্বপূর্ণ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এরপরই তোমরা প্রবেশ করতে যাচ্ছো উচ্চশিক্ষার অঙ্গনে। অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রবেশ করতে হবে সেখানে। এপর্বে তোমাদের ভালোফল সে পথকে অনেকটা সুগম করবে। পাঠ্যবইয়ের সবকিছু বুঝে বুঝে পড়তে হবে। তাহলে উদ্দীপক যে ধরনেরই হোক তুমি তার সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো ধরতে পারবে। তখন গুছিয়ে লেখা তোমার জন্য দুরূহ হবে না। তোমার পড়ার বিষয়গুলোর কোনো একটি টপিকস যদি এখনো বোধগম্য না হয়ে থাকে তবে শীঘ্রই তোমার শিক্ষকের সাহায্য নাও। হেলা করে তা ফেলে রাখবে না নতুবা একটু বিষয় না বুঝার কারণে পরীক্ষা হলে আফসোস করতে হতে পারে। সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা এ মুহূর্তে আপনার সন্তানকে মনোবল ও উত্সাহ প্রদান করুন যাতে তাদের আত্মশক্তি বাড়ে। সার্বক্ষণিক পড় পড় না বলে তাকে তার স্বাচ্ছন্দ অনুযায়ী পড়ার পরিবেশ তৈরি করে দিন। তার খাওয়া -দাওয়া ,নিদ্রা ও বিনোদনের প্রতি লক্ষ্য রাখবেন। পড়ার ফাঁকে ফাঁকে যেন শিক্ষার্থী এসবের সুযোগ পায় অর্থাত্ সে যেন মানসিক প্রশান্তিতে থাকে। বন্ধুরা এইচএসসি পরীক্ষার পর তোমরা উচ্চশিক্ষা স্তরে প্রবেশ করবে। সেখানে থাকবে প্রবল প্রতিযোগিতা। এখন থেকেই নিতে হবে প্রস্তুতি। পরীক্ষা শেষ হলেও থামাতে পারবে না তোমাদের পড়াশোনা। ভর্তি পরীক্ষায় থাকে তুমুল প্রতিযোগিতা। তাই তোমাদের পঠিত বিষয়গুলো বারবার চর্চার মধ্যে রাখতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন কাঠামো অনুযায়ী পরীক্ষা অন্তে পড়াশোনা চালিয়ে যেতে হবে মনোযোগ দিয়ে। এখন থেকেই ভবিষ্যতের লক্ষ্য স্থির করতে হবে। সে অনুযায়ি অধ্যাবসায় চালিয়ে যেতে হবে। উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিষয় নির্বাচন খুবই জরুরি। শিক্ষালাভ যেমন মানসিক উত্কর্ষ সাধন করে তেমনি জৈবিক চাহিদাগুলো মিটানোর কথাও চিন্তায় রাখতে হয়। নতুবা ভবিষ্যতে শূন্যতা ভর করতে পারে। তাই বিষয় নির্ধারণে তোমাদের কৌশলী হতে হবে চিন্তা করতে হবে বিশ্বগ্রামের আদলে। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে উঠেছে অধিকন্তু যে শিক্ষা প্রয়োগ , উত্পাদন ও কর্মমুখী সে বিষয়গুলো তোমাদের বিবেচনায় রাখতে হবে।