ড. মাহবুবুর রহমান মোল্লা
প্রিন্সিপাল, সামসুল হক খান স্কুল এন্ড কলেজ ও
প্রতিষ্ঠাতা, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, কয়েক দিনের মধ্যে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে। তোমরা উদ্বেগ পরিহার করে সাহসী হও, অনুপ্রাণিত হও। কারণ সুস্থ দেহ ও নিশ্চিন্ত মন পরীক্ষাপর্ব সম্পন্ন করার জন্য বেশ জরুরি। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষা কাঙ্খিত উচ্চ শিক্ষায় প্রবেশের সোনালি সিঁড়ি। তাই অত্যন্ত দক্ষতা, সচেতনতা ও কৌশলের মধ্য দিয়ে পরীক্ষা নামক সোনালি সিঁড়ি পার হতে হবে। পরীক্ষাভীতি ভালো পরীক্ষার অন্তরায়। পরীক্ষা সামনে রেখে ভয় ও দুর্ভাবনা প্রশ্রয় দেয়া যাবে না। সার্থক পরীক্ষার জন্য পাঠশ্রম যেমন, তেমনি আত্মবিশ্বাসও দরকার। তোমাকে বিশ্বাস করতে হবে তুমি যা পড়েছো তাই পরীক্ষায় আসবে। বিশ্বাস করবে সব প্রশ্নের উত্তর দেয়া তোমার পক্ষে সম্ভব। অতএব উত্সাহিত থাকো, নিশ্চিন্ত থাকো। কেবল এটিই তোমাদের প্রথম পরীক্ষা নয়, পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার অভিজ্ঞতাও তোমাদের রয়েছে। পরীক্ষা ও পরীক্ষা পরিস্থিতি তোমরা অবশ্যই অবগত। পরীক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে সব প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর সম্পন্ন করতে হয়- সে কথা তোমাদের জানা। এই পরিস্থিতি সহজ নয়। স্মরণ করিয়ে দিতে চাই, প্রশ্নের ভাষা পরিস্কার করে বুঝেই উত্তর করবে। প্রশ্নের দাবি উত্তরে প্রতিষ্ঠিত হবে, তাহলেই সেটা ভালো পরীক্ষা।
পরীক্ষা চলাকালে সময়জ্ঞান থাকতে হবে নিখুঁত। কিছুতেই তুমি অতিরিক্ত সময় পাচ্ছ না। সব কৌশলের কথা মাথায় রেখে আনন্দিত চিত্তে পরীক্ষায় অবতীর্ণ হও। অভিভাবক বন্ধুরা, অবশ্যই আপনাদের পরীক্ষার্থী সন্তানদের পরীক্ষার ব্যাপারে সচেতন থাকবেন। এই সময়টি শাসনের নয়, তাদের যথাসম্ভব উত্সাহিত, উদ্দীপিত করবেন। শিক্ষার্থীকে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, রুলার, বল পয়েন্ট পেন, পেন্সিল, ইরেজারসহ যাবতীয় শিক্ষা সরঞ্জাম গুছিয়ে দেবেন। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই পরীক্ষার্থীকে নিয়ে কেন্দ্রে উপস্থিত থাকুন। পরীক্ষার রুটিন অভিভাবকরাও প্রতিদিন দেখবেন, যাতে কোনো একটি পরীক্ষা বাদ যাওয়ার মত দুর্ঘটনা না ঘটে। প্রত্যেক এইচএসসি পরীক্ষার্থী
সাফল্যমণ্ডিত হোক, পৌঁছে যাক তারা উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত স্তরে।