তিন তলা থেকে ঝাঁপালেন যুবক, প্রাণ গেল বৃদ্ধার!

জীবনের প্রতি তীব্র বিতৃষ্ণায় আত্মহননের পথ বেছে নিয়েছিলেন ভারতের চেন্নাইয়ের এক যুবক। কিন্তু তিন তলা থেকে ঝাঁপ দেওয়ার পরে তিনি এসে পড়লেন ঘুমন্ত এক বৃদ্ধার ঘাড়ে। এতে ওই যুবক নিজে বেঁচে গেলেন বটে, কিন্তু হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো গেলো না ওই বৃদ্ধাকে।
 
রবিবার রাতে চেন্নাইয়ের অশোক নগরের হাউজিং বোর্ড কোয়ার্টার্সে নিজের বাড়ির বাইরে ঘুমোতে যাওয়ার সময় বিপদের আঁচ করতে পারেননি সারদা দেবী (৭০)। সেই রাতেই স্ত্রীর সঙ্গে ঝগড়ার পরে আত্মহত্যার সিদ্ধান্ত নেন প্রতিবেশী অটো-চালক যুবক সেলভম (৩৪)। তিন তলা বাড়ির ছাদ থেকে তিনি ঝাঁপ দেন।
 
ভাগ্যের পেরে মাটিতে আছড়ে পড়ার বদলে সরাসরি ঘুমন্ত সারদা দেবীর ওপর এসে পড়েন আত্মঘাতী সেলভম। মাথায় ও বুকে গুরুতর আঘাত পান সারদা। জখম হন সেলভমও। বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দু'জনকেই সরকারি রয়াপেট্টা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বহু চেষ্টা করেও বাঁচানো যায়নি সারদা দেবীকে।
 
ইত্তেফাক/এএম