প্রস্তুতি অবশ্যই হবে পরিকল্পিত ও সুবিন্যস্ত

হিসাববিজ্ঞান

নির্মল ইন্দু সরকার

প্রভাষক, হিসাববিজ্ঞান

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, যেহেতু হিসাববিজ্ঞান একটি গাণিতিক বিষয় তাই এ বিষয়ের প্রস্তুতি অবশ্যই হবে পরিকল্পিত ও সুবিন্যস্ত। মোট ১০০ নম্বরের হিসাববিজ্ঞান প্রশ্নে, সৃজনশীল ৭০ এবং বহুনির্বাচনি ৩০ নম্বর থাকবে। সৃজনশীল প্রশ্নে কোন থিওরী থাকবে না,তবে বহুনির্বাচনি প্রশ্নে গাণিতিক ও থিওরী উভয় ধরনের প্রশ্ন থাকলেও থিওরীটিকাল প্রশ্ন বেশি থাকবে। তাই দুইটি অংশের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। অঙ্কের নিয়ম-কানুন, রীতিনীতি, প্রথা ও সূত্রের ব্যবহার ভালোভাবে জানা থাকলে বহুনির্বাচনি  প্রশ্নের উত্তর দেয়া অনেকটাই সহজ হবে।

সৃজনশীল অংশ:

ক বিভাগে আর্থিক বিবরণি থেকে ২ টি প্রশ্নের বাধ্যতামূলক উত্তর দিতে হবে। যেহেতু এখানে ২ টি  প্রশ্নের মোট ৬ টি অংশ থাকে (ক,খ,গ) সেহেতু ৩টি অংশের মাধ্যমে মোট লাভ,নিট লাভ ও আর্থিক অবস্থার বিবরণি চাওয়া হবে এবং অন্য ৩ টি অংশের মাধ্যমে নিট ক্রয়, নিট বিক্রয়,অনাদায়ী দেনা, নিট বিজ্ঞাপন খরচ, নিট সম্পত্তি,নিট দায়সহ অন্যান্য ছোট ছোট বিষয় জানতে চাওয়া হবে। এ অংশে একটি কারবারি প্রতিষ্ঠানের অঙ্ক এবং অন্যটি সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক থাকতে পারে। কখনো কখনো দুটি অঙ্কই কারবারি প্রতিষ্ঠানের হতে পারে , তবে দুটি অঙ্ক কখনোই সেবামূলক প্রতিষ্ঠানের হবে না। তাই কারবারি প্রতিষ্ঠানের অঙ্কগুলো একটু বেশি গুরুত্ব দিয়েই দেখা উচিত। কোম্পানীর আর্থিক অবস্থার বিবরণি প্রস্তুত করতে বলা হলে অবশ্যই ছকের প্রথমে দায় ও মূলধন এবং পরে সম্পত্তি দেখাতে হবে। একমালিকানা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণিতে প্রথমে সম্পদ ও পরে মূলধন দেখাতে হয়। এক্ষেত্রে বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো ভালো করে অনুশীলন করতে হবে। এখানে যতটুকু উত্তর সঠিক হবে,ততটুকু নম্বর পাবে তাই সম্পূর্ণ উত্তর না পারলেও আংশিক উত্তর দিয়ে আসবে।

খ বিভাগে হিসাববিজ্ঞানের পরিচিতি ও লেনদেন এই দুইটি অধ্যায় থেকে সাধারণত একটি প্রশ্ন হয়ে থাকে। যে সকল দফা লেনদেন নয় এর পরিমাণ নির্ণয় কর, নগদ লেনদেন বা অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় কর,  লেনদেনের হিসাবের শ্রেণি নির্ণয় কর,হিসাব সমীকরণ প্রস্তুত কর ইত্যাদিসহ অন্যান্য প্রশ্ন থাকে। জাবেদা ও খতিয়ান থেকে একসাথে প্রশ্ন হতে পারে বা আলাদা প্রশ্নও হতে পারে। এক্ষেত্রে,প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর,সমাপনী হাতে নগদের পরিমাণ নির্ণয় কর,নিট বাকীতে ক্রয়ের পরিমাণ নির্ণয় কর,  লেনদেনগুলোর জাবেদা দাও,বিক্রয় হিসাব প্রস্তুত কর,নগদান হিসাব প্রস্তুত কর ইত্যাদিসহ অন্যান্য প্রশ্ন থাকবে। রেওয়ামিল একটি সহজ অধ্যায় এবং এখান থেকে প্রশ্নও হয় গতানুগতিক ধারায়। তাই এ অধ্যায়ের উপর গুরুত্ব দিবে বেশি। নগদান বই থেকে দু’ঘরা ও তিন ঘরা নগদান বইয়ের নিয়ম ভালো করে শিখতে হবে। ব্যাংক সমন্বয় বিবরণি থেকে একক জের পদ্ধতি ভালোভাবে অনুশীলন করবে। অবচয়ের অঙ্কের ক্ষেত্রে সরল রৈখিক ও ক্রমহ্রাসমান জের পদ্ধতি বেশি অনুশীলন করতে হবে। সাধারণ একতরফা দাখিলা পদ্ধতি পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তবে দু-তরফায় রূপান্তরের অঙ্কগুলো প্র্যাকটিসে রাখতে হবে্। মনে রাখতে হবে, জাবেদার ক্ষেত্রে ছক তৈরি করা ও জাবেদার ব্যাখ্যা দেয়া এমনকি যোগফল করা বাধ্যতামূলক নয়। প্রশ্নে যদি ব্যাখ্যা চায় তাহলে দিতে হবে, অন্যতায় প্রয়োজন নেই । প্রশ্নে উল্লেখ না থাকলে ছক ও ব্যাখ্যার জন্য আলাদা কোনো নম্বর বরাদ্ধ থাকে না। খতিয়ান অবশ্যই চলমান জের ছকে প্রস্তুত করতে হবে। খাতায় আলাদা মার্জিন করার কোনো দরকার নেই। কারণ প্রতিটি অঙ্কের টেবিলই একটি মার্জিন। টাকার অংক ওভার রাইটিং করার দরকার নেই। একটানে কেটে নিচে লিখলেই সুন্দর ও বোধগম্য হয়।

বহুনির্বাচনি অংশ

বহুনির্বাচনি প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই এনসিটিবি অনুমোদিত বইয়ের প্রতিটি লাইন ভালোভাবে পড়তে হবে। এছাড়া বিগত বছরে বোর্ডে যে প্রশ্ন এসেছে তা সমাধান করে অনুশীলন করতে হবে। কোনোভাবেই গাইড বইয়ের উপর নির্ভরশীল হওয়া যাবে না। পাঠ্যবইয়ের অধ্যায়ভিত্তিক শিখণফল ভালোভাবে পর্যালোচনা করলে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন কমন পরবে। সৃজনশীলের উপর পরিপূর্ণ প্রস্তুতি থাকলে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর সহজেই দেয়া যাবে। বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেয়ার ক্ষেত্রে শুরুতে থিওরিটিক্যাল প্রশ্নের উত্তর দিয়ে পরে গাণিতিক প্রশ্নের উত্তর দিলে ভালো হবে। উচ্চতর দক্ষতার প্রশ্ন সর্বোচ্চ ৫-৬ টি থাকবে যা নির্দিষ্ট কোনো বই থেকে সরাসরি আসবে না। উপস্থিত বুদ্ধি ও দক্ষতা কাজে লাগিয়ে এর উত্তর দিতে হবে। এ ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলন করলে ভালো হবে।