লক্ষ্মীপুরে বাবর হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ডাদেশ

লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি গ্রামের যুবদল কর্মী মাওলানা বাবর মিয়াকে হত্যার দায়ে ১১ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এসময় ৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
 
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর অতিরিক্ত দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ মামলার রায় প্রদান করেন। এ সময় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
 
মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত আসামিরা হলেন- তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু, মহিন উদ্দিন, কালামুন্সি, মামুন ওরফে সাইফুল ইসলাম মামুন, আবদুস শহিদ ওরফে ভুট্টু, পূর্ব রাজাপুর গ্রামের মাঈন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নাথপুর গ্রামের মাসুদ, মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার।
 
লক্ষ্মীপুর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম যুবদল কর্মী মাওলানা বাবর মিয়াকে হত্যা মামলায় আদালতে ১১ জনের মৃত্যুদণ্ডের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ৮ মার্চ রাতে সদর উপজেলার তিতারকান্দি গ্রামে মাওলানা বাবর মিয়াকে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই নুর আলম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আদালত ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ১১ আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনকে বেকসুর খালাসের এই আদেশ দেন।
 
ইত্তেফাক/এমআই