খালেদা জিয়া-তারেকসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য

ড্যান্ডি ডাইং এর ঋণ খেলাপি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে বাদীর আংশিক সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
 
মঙ্গলবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস মামলার বাদী সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সাক্ষ্য গ্রহণ করেন। আগামী ৪ অক্টোবর পরবর্তী সাক্ষ্যের জন্য দিন ধার্য করা হয়েছে।
 
আজ বিবাদীপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া এবং মাসুদ আহমেদ তালুকদার ইস্যু গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন করেছেন জানিয়ে সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। কিন্তু আদালত বিবাদীপক্ষের সময়ের আবেদন নামঞ্জুর করে নজরুল ইসলামের সাক্ষ্য দিতে নির্দেশ দেন। নজরুল ইসলাম তার জবানবন্দি শেষ করলে খালেদা জিয়ার পক্ষে সানাউল্লাহ মিয়া বাদীকে জেরা করেন। কিন্তু এদিন জেরা শেষ না হওয়ায় আদালত আগামী ৪ অক্টোবর অবশিষ্ট জেরা এবং সাক্ষিদের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। এর আগে গত ৩ এপ্রিল নজরুল ইসলামের আংশিক সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
 
মামলাটিতে গত ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তারেক রহমানসহ ১৬ বিবাদীর বিরুদ্ধে ইস্যু গঠন করেন একই আদালত।
  
ড্যান্ডি ডাইং কোম্পানির ৪৫ কোটি টাকা খেলাপি ঋণের ওই মামলায় এর  আগে মামলাটিতে বিবাদী হিসেবে থাকা কোকা মারা যাওয়ায় ২০১৫ সালের ১৬ মার্চ একই আদালত খালেদা জিয়া ও কোকার স্ত্রী সন্তানদের বিবাদী হিসেবে পক্ষভুক্ত করেন।
 
 
ইত্তেফাক/এমআই