রায়গঞ্জ-তাড়াশ এমপির বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনের বিরুদ্ধে হত্যার হুমকি দেয়ার অভিযোগ করেছেন রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল রিপন।
 
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
 
সোনাখাড়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগকারী বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে এ পর্যন্ত নানা উন্নয়নমূলক কাজে বাধা প্রদান করে আসছেন স্থানীয় সংসদ সদস্য ম ম আমজাদ হোসেন মিলন। টাকার বিনিময়ে অবৈধ প্রভাব খাটিয়ে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের কাছে সুরপাই দিঘী লিজ প্রদান করেন। বিষয়টির প্রতিবাদ করায় সোমবার রাত নয়টার দিকে সংসদ সদস্য ম ম আমজাদ হোসন মিলন সেল ফোনে তাকে হত্যার হুমকি দিয়ে দেন। তার এই হুমকিতে চেয়ারম্যান নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন।  
 
এতে আরো উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
 
এ বিষয়ে আমজাদ হোসেন মিলনের সঙ্গে বিকেল তিনটায় মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
 
 
ইত্তেফাক/এএসএমইউ/এমআই