‘বন্দুকযুদ্ধে’ দুই জেএমবি নিহতের ঘটনায় মামলা

বগুড়ার শেরপুর উপজেলার সিরাজনগর গ্রামের নওলাপাড়া মোড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ উত্তরাঞ্চলের জেএমবির সামরিক শাখার কমান্ডারসহ দুইজন নিহতের ঘটনায় ৩টি মামলা হয়েছে।
 
সোমবার রাতে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এবাদ আলী বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। মামলায় বন্দুকযুদ্ধে নিহত উত্তরাঞ্চলের জেএমরি সামরিক শাখার কমান্ডার চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হামিদপুর গ্রামের এনামুল হকের ছেলে বদর মামা ওরফে খালেদ হাসান (৩৫) ও রাজশাহীর বোয়ালিয়া উপজেলার পাঠানপাড়া গ্রামের গোলাম সবুরের ছেলে ইব্রাহীম গোলাম তারেক ওরফে রিপনসহ (২৯) অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
 
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, হত্যা, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
রোববার দিনগত রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই দুই জঙ্গি নিহত হন। আহত হন দুই পুলিশ সদস্য। ইত্তেফাক/ইউবি