রাষ্ট্রপতি বিদেশে থাকলেও প্রাণভিক্ষার আবেদন নিষ্পত্তি সম্ভব: আইনমন্ত্রী

 
যুদ্ধাপরাধে ফাঁসির আসামি মীর কাসেম আলী প্রাণভিক্ষা চাইলে বিদেশে বসেই রাষ্ট্রপতি তার নিষ্পত্তি করতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এমন তো কথা নাই যে বিদেশে থাকলে উনি (রাষ্ট্রপতি) ফাইল দেখতে পারবেন না, এ রকম তো আইনের মধ্যে নাই।
 
মন্ত্রী বলেন, তারা যদি ক্ষমা চেয়ে দরখাস্ত করে, সেটাকে তড়িত্ নিষ্পত্তি করার ব্যবস্থা আইনে যেটা আছে সেটাই করা হবে।
 
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রবিবার লন্ডনে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ৪ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
 
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোটের্র আপিল বিভাগ মঙ্গলবার খারিজ করে দেওয়ায় তার দণ্ড কার্যকরে আর কোনো আইনি বাধা নেই। নিয়ম অনুযায়ী তিনি এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। এর নিষ্পত্তি হলেই সরকার দণ্ড কার্যকর করবে। খবর বিডিনিউজের।

ইত্তেফাক/এএম।