‘বিতর্ক চলুক, আসুক যুথবদ্ধ আগামী’ স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের আয়োজনে বুধবার থেকে শুরু হচ্ছে চারদিন ব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক আবুল হোসেন। চলবে ৩ আগস্ট পর্যন্ত।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি শেখ রাহাত রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এবারের বিতর্ক প্রতিযোগিতায় আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টিমসহ মোট ৯৬টি টিম অংশগ্রহণ করবে। আর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আগামী ৩ সেপ্টেম্বর চূড়ান্ত বিতর্ক, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হবে। সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, প্রচার সম্পাদক মোজাম্মেল হক তন্ময়, শিক্ষা ও গবেষণা সম্পাদক রুকাইয়া আলম মৌমিতা, একমি গ্রুপের মার্কেটিং ম্যানেজার মাহবুবুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন। এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক।
ইত্তেফাক/এমআই