রাজধানীতে উন্নত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) জন্য ৬০০ বাস ও ৫০০ ট্রাক কেনা হচ্ছে।
এজন্য ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় দু'টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই দু'টি প্রকল্পসহ পাঁচ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফ করে জানান, একনেকে মোট ২ হাজার ৮০৫ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৯৩২ কোটি ২৮ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৮৭২ কোটি ৭২ লাখ টাকা যার পুরোটা ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় (এলওসি) পাওয়া যাবে।
সভায় বিআরটিসির জন্য বাস ও ট্রাক কেনার জন্য অনুমোদন পাওয়া দুই প্রকল্প প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, 'বিআরটিসির জন্য দ্বিতল, একতলা এসি ও ননএসি বাস কেনার জন্য ৫৮০ কোটি ৮৭ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পের ৪৩৪ কোটি ৩২ লাখ টাকা ভারতীয় ঋণ (ইন্ডিয়ান লাইন অব ক্রেডিট) থেকে পাওয়া যাবে। বাকি ১৪৬ কোটি ৫৫ লাখ টাকা সরকারি তহবিল থেকে যোগান আসবে।'
তিনি জানান, প্রকল্পের আওতায় ৩০০টি ডাবল ডেকার বাস, ১০০ সিঙ্গেল ডেকার এসি সিটি বাস, ১০০ সিঙ্গেল ডেকার এসি ইন্টারসিটি এবং ১০০টি সিঙ্গেল ডেকার ননএসি বাস কেনা হবে। ২১৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে বিআরটিসির ৫০০ ট্রাক কেনা প্রকল্প সম্পর্কে মুস্তফা কামাল বলেন, এই প্রকল্পের আওতায় ১৫ টন মালামাল ধারণ ক্ষমতা সম্পন্ন ৩৫০ এবং ১০ টন মালামাল ধারণ ক্ষমতা সম্পন্ন ১৫০টি ট্রাক কেনা হবে। প্রকল্প ব্যয়ের মধ্যে ভারতীয় ঋণ ১৫৮ কোটি ৪০ লাখ এবং সরকারি তহবিল থেকে পাওয়া যাবে ৫৮ কোটি ৯৫ লাখ টাকা। -বাসস।
ইত্তেফাক/এসএস