মিড ডে মিল ট্রাজেডিতে বিহারে প্রধান শিক্ষকের ১৭ বছর কারাদণ্ড

ভারতের বিহারে একটি স্কুলে মিড ডে মিলের দূষিত খাবার খেয়ে ২৩ শিশু মারা যাওয়ার ঘটনায় স্কুলটির প্রধান শিক্ষককে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১৩ সালে স্কুলের মিড ডে মিল খেয়ে এই শিশুরা মারা গিয়েছিল।
 
স্কুলে বিষাক্ত খাবার পরিবেশনের ঘটনায় আদালত স্কুলটির তৎকালীন প্রধান শিক্ষক মিনা দেবীকে দোষী সাব্যস্ত করেছে। আদালত বলেছে মিনা দেবী তার দায়িত্বে 'অপরাধযোগ্য অবহেলা' করেছেন। এই ঘটনাকে হত্যার সমতুল্য অপরাধ হিসেবেও আখ্যা দিয়েছে আদালত।
 
শিশুদেরকে দেয়া খাবারে কীটনাশকে ব্যবহৃত একটি রাসায়নিকের উপস্থিতি পাওয়া গিয়েছিল। স্কুলে উপস্থিতি বাড়াতে ও ঝড়ে পড়া বন্ধ করতে বিনামূল্যে একবেলা খাবার সরবরাহ করা হয় দেশটির বহু স্কুলে। অপেক্ষাকৃত গরিব এলাকাগুলোতে এই স্কিম চালু রয়েছে। মিড ডে মিলে নিম্ন মানের খাবার দেয়ার অভিযোগ রয়েছে।
 
২০১৩ সালের ১৬ জুলাই স্কুলটিতে দুপুরের খাবার খেয়ে ৪৭ শিশু অসুস্থ হয়ে পড়ে। এক দিনের মধ্যেই অসুস্থদের মধ্যে ২৩ জন মারা যায়। এই ট্রাজেডির স্মরণে বিক্ষুব্ধ অভিভাবকরা স্কুলটির প্রাঙ্গণে তিন শিশুর লাশ সমাহিত করে। বিবিসি/এমএএস