পাটুরিয়া-দৌলতদিয়ায় তীব্র যানজট দেড় সহস্রাধিক যানবাহন আটকা

 
পদ্মায় প্রবল স্রোত ও ফেরিঘাট সংকটে ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল আবার ব্যাহত হচ্ছে। এ কারণে উভয় ঘাটে গতকাল মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১ হাজার পণ্যবাহী ট্রাকসহ দেড় সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে। এ ছাড়া আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে অব্যাহত পানি বৃদ্ধিতে প্রবল স্রোত ও বাতাসে সৃষ্ট ঢেউ এড়িয়ে লঞ্চ-নৌকা চলাচল মারাত্মক বিঘ্ন ঘটছে। এতে পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী সাধারণসহ ঘাট সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়েছে। আর এ অবস্থা অব্যাহত থাকলে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
জানা গেছে, পদ্মায় প্রবল স্রোতের তোড়ে বিশেষ করে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ফেরি প্রায় তিন কিলোমিটার ভাটিতে চলে যাচ্ছে। একই অবস্থা পাটুরিয়ার ক্ষেত্রেও। এ ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি প্রায় দু’কিলোমিটার উজানে গিয়ে দৌলতদিয়া ঘাটে ভিড়ছে। এতে ট্রিপ টাইম দীর্ঘায়িত হচ্ছে। এছাড়া এ রুটে ১৭টি ফেরির মধ্যে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে। পাটুরিয়ায় ৫টি ঘাটের মধ্যে ৩টি চালু আছে। দৌলতদিয়ায় ৪টির মধ্যে ২টি ঘাট চালু আছে। ফলে উভয় ঘাটে আটকে পড়া যানবাহনের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পাটুরিয়া থেকে নবগ্রাম ও উথলী মোড় থেকে আরিচার দিকে প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। একই পরিস্থিতি দৌলতদিয়া ঘাটে।  
 
বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক এম. খোরশেদ আলম জানান, দৌলতদিয়া ঘাটে চারশ’ পণ্যবাহী ট্রাকসহ ছয় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। ২নং ফেরিঘাট মেরামতের কাজ চলছে। এছাড়া  নদীতে প্রচণ্ড স্রোতে ৪ ও ৩ নং ঘাটে ফেরি ভিড়তে সমস্যা হচ্ছে।
 
নামপ্রকাশ না করে একজন ফেরি মাস্টার ইত্তেফাককে জানান, দৌলতদিয়া ঘাটে ফেরির পন্টুনের জরাজীর্ণ অবস্থার কারণে যানবাহন লোড-আনলোড ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিটি পন্টুনের পকেট বা র্যামের হাইড্রোলিক সিস্টেম আগেই বিকল হয়েছে। দীর্ঘদিন যাবত্ বৈদ্যুতিক ঝালাই কাজ করে র্যাম সচল রাখার চেষ্টা চলছে। এতে ফেরি ভিড়ানো বা ভারী যানবাহন উঠা-নামার সময় ঝালাইকৃত অংশ প্রায়শই ভেঙে পড়ছে। এছাড়া, ঘাট প্রস্তুত সংস্থা বিআইডব্লিউটিএ এবং ফেরি সংস্থা বিআইডব্লিউটিসি’র স্থানীয় কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্য বিশেষ করে উভয় ঘাটে সৃষ্ট অচলাবস্থায় ভুক্তভোগীমহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
 
 
ইত্তেফাক/এএন