জয়পুরহাটের কালাই উপজেলায় ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের ১৫টি ও সহকারী শিক্ষকের ৪৫টি পদ শূন্য রয়েছে। যে কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক কার্যক্রম ও কমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে ও বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে জানা গেছে, কালাই পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। আবার ওই ৫৪টি বিদ্যালয়ের ৪৫টি সহকারী শিক্ষকের পদও খালি রয়েছে। যে কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সভাপতি ও একজন সদস্য বলেন, প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকের শুন্য পদ পূরণে বারবার উপর মহলে আবেদন করেও কোনো লাভ হয়নি।
আবার একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘ক্লাস নেয়ার পাশাপাশি বিভিন্ন সময়ে অফিসিয়াল কাজের জন্য ছুটতে হয় উপজেলা ও জেলা শিক্ষা অফিসে। অতিরিক্ত দায়িত্ব পালনে পরিশ্রম ছাড়া আর কোনো লাভ নেই। তাই মনোযোগও বাড়ে না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। নিয়োগ প্রক্রিয়া চালু হলেই এসব জটিলতা থাকবে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বারবার জানানো হচ্ছে।’
ইত্তেফাক/এএসএমইউ