ভূমধ্যসাগরের সিসিলি প্রণালী থেকে আরো প্রায় তিন হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। মঙ্গলবার ৩০টি আলাদা অভিযানে এদের উদ্ধার করা হয়।
এই নিয়ে দুইদিনে ভূমধ্যসাগর থেকে প্রায় ১০ হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়।
বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ডজন নৌকায় চড়ে শরণার্থীরা ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল। এসব নৌকার মধ্যে কয়েকটি রাবারের ডিঙ্গিও ছিল। উদ্ধার পাওয়া অভিবাসন প্রত্যাশীদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের শুক্রবার প্রকাশ করা তথ্যানুযায়ী, চলতি বছর প্রায় এক লাখ পাঁচ হাজার অভিবাসন প্রত্যাশী নৌকায় সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছে যাদের অধিকাংশই লিবিয়া থেকে যাত্রা করেছে। এই সময়ে ২,৭২৬ জন পুরুষ, নারী ও শিশু সাগর পাড়ি দেওয়ার চেষ্টাকালে ডুবে মারা গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইত্তেফাক/এএসএস