মীর কাসেমের সঙ্গে দেখা করতে স্বজনরা কারাগারে

ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্যরা গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানিয়েছেন, তার পরিবারের ৯ জন সদস্য বেলা দেড়টার দিকে কারাগারে প্রবেশ করেছেন।
 
মঙ্গলবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ খারিজের রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ট্রাইব্যুনাল থেকে সেই রায়ের কপি কাশিমপুর কারাগারে পৌঁছে গিয়েছে। চূড়ান্ত রায়ে রিভিউ খারিজের পর মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সামনে এখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া ছাড়া আর কোন পথ খোলা নেই। রিভিউ খারিজের সত্যায়িত অনুলিপি কারাগারে যাওয়ার পরে জেল কর্তৃপক্ষ ফাঁসি বহালের বিষয়টি তাকে অবহিত করার কথা। এরপরেই তাকে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হবে। যদি তিনি প্রাণ ভিক্ষা চান তাহলে সেটির ওপর রাষ্ট্রপতির সিদ্ধান্ত আসার পরই দণ্ড কার্যকরের বিষয়ে পদক্ষেপ নেবে সরকার।
 
এই প্রেক্ষাপটে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতেই হয়তো নির্ধারিত হবে তিনি ক্ষমা চাইবেন কী না। জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানিয়েছেন, বেলা দেড়টার দিকে মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন, দুই কন্যা সুমাইয়া রাবেয়া ও তাহেরা তাসনিম, দুই পুত্রবধূ ও পরিবারের তিন শিশু তার সঙ্গে দেখা করতে কারাগারে আসেন। ৪০ থেকে ৪৫ মিনিট মীর কাসেমের সঙ্গে কাটান তারা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সাক্ষাত শেষ হয়েছে তবে পরিবারের সদস্যরা কারাগার থেকে বের হননি। 
 
ইত্তেফাক/এসএসএ