ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় স্কুল মাঠ থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় আরিফ মিয়া (১৮) ও তার মামা সিদ্দিক মিয়াকে (৪৫) আসামি করে মামলা হয়েছে।
মঙ্গলবার মামলাটি করেন ওই ছাত্রীর মা। আসামিরা উপজেলার কোনাপাড়া গ্রামের বাসিন্দা।
ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, ছেলেটির অপকর্মের জন্য বিচার চাইলে তার মামা সিদ্দিক মিয়া তাকে প্রকাশ্যে খুন করে লাশ বস্তায় ভরে গর্তে ঢুকিয়ে দেয়ার হুমকি দিয়েছেন। এমন একটি ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষকরাও এর কোনো প্রতিবাদ করেননি।’
বাদী বলেন, ‘বিচারের জন্য রবিবার স্কুল মাঠে সালিশ ডাকা হলেও আরিফের পরিবারের কেউ আসেনি। তাই থানায় মামলা করেছি। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন জানান, ঘটনাটি সাংবাদিকদের কাছে শুনেছেন।
জানা গেছে, সোমবার কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে মুখে গামছা বেঁধে স্কুলের মাঠ থেকে তুলে নিয়ে যায় মো. আরিফ মিয়া। এরপর সে পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ের ভেতর নিয়ে ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা চালায়। স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আরিফ তাদের চড়-থাপড় মেরে ভয়-ভীতি দেখিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হলে আরিফের লোকজন বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায় এবং ছাত্রীর পরিবরাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে।
মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসাইন বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ