অর্ণবের নতুন সেনসেশনাল হিট ‘এই শহর আমার এই মানুষ আমার’

বিখ্যাত কন্ঠ শিল্পী অর্ণব তার শ্রোতাদের মন ছুঁয়ে দেয়ার জন্য বিশেষভাবে পরিচিত। বুধবার অর্ণবের নতুন গান “এই শহর আমার এই মানুষ আমার” মুক্তি পেতে যাচ্ছে। গানটি বহু প্রতিক্ষীত চলচ্চিত্র ‘আয়নাবাজি’র। 
 
 
গানটি ছবির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী নিজে লিখেছেন এবং চিত্রগ্রহণ করেছেন তানভির হাসান। গানটি সম্পূর্ণ ঢাকা শহর এবং মানুষের এই শহরের প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে বানানো। ‘এই শহর আমার এই মানুষ আমার’ গানটির প্রসঙ্গে অর্ণব বলেন, ‘আমি একাও গান করেছি আবার বড় দলের অংশ হয়েও গান করেছি এবং চলচিত্রের সাথে কাজ করার সব চাইতে বড় ব্যাপার হলো যে আপনি অনেক বড় একটি প্রতিভাবান দলের সাথে কাজ করতে পারছেন। আয়নাবাজি টিম এর সাথে আমার কাজ করার অনুভূতি অসাধারণ, এবং আমি বিশ্বাস করি তারা সাথে থাকায় গানটিকে অন্য এক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে যা তারা না থাকলে হতো না।’
 
অর্ণব আরো বলেন, ‘আবেগময় গান হিসেবে এই গানটি আমার হৃদয় ছুঁয়ে গেছে এবং নিজেকে আমি এ গানের মাঝে খুঁজে পাই। এই গানটি হচ্ছে আশা এবং হতাশার গান, অনেক আবেগ ও চিন্তা চেতনায় ছায়া এই গানটি। আমি আশা করছি, আমার ভক্ত শ্রোতাগন এবং চলচিত্রের দর্শকেরা গানটি শুনবেন। গানটি ঢাকা শহরের  প্রতিদিনকার সংগ্রাম ও সংঘর্ষের কথা বলে এবং তুলে ধরে যে শত দুঃখ হতাশার মাঝেও আমাদের এই শহরের জন্য আছে আমাদের অবিরাম ভালোবাসা। এই গানটি হচ্ছে আমাদের প্রাণের শহর ঢাকার সাথে আমাদের ভালোবাসা ও অভিমানের সর্ম্পক এবং প্রতিনিয়ত এ শহরের মানুষের জীবনে কি ঘটে তারই একটি বহিঃপ্রকাশ।’
 
আয়নাবাজির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী গানটির ব্যাপারে বলেন, ‘আয়নাবাজি এবং অর্ণব মিলে বাংলাদেশকে অসাধারণ একটি স্থানীয়ভাবে তৈরি বিশ্বমানের গান দেয়ার চেষ্টা করেছি। আমরা আশা করি শ্রোতাদের মাঝে গানটি খুবই ভালো গ্রহণযোগ্যতা পাবে, এবং আমি বাংলাদেশের মানুষের এই গানটি শুনার জন্য ও তাদের মতামত জানার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি।’
 
ইত্তেফাক/এসএসএ