বুধবার এক মতবিনিময় সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে গরু চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে।
কুড়িগ্রামের '২৭ রাইফেল ব্যাটালিয়ন' সদর দপ্তরে গরু চোরাচালান ও সীমান্তের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল জুলফিকার আলী, কুড়িগ্রামের ২৭ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এটিএম হেমায়েতুল ইসলাম, কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী প্রমুখ।
মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, ও গরু ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত এ সভায় বিজিবির রংপুর রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহ্মেদ চৌধুরী বলেন, 'আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে গরুর চাহিদা বেড়ে যাওয়ায় কোন বাংলাদেশী যেন সীমান্ত অতিক্রম করে গরু আনতে না পারে সে জন্য সীমান্তে কড়া নজরদারি রাখা হচ্ছে।'
কেউ যেন গরু আনতে গিয়ে হতাহত না হয় সেজন্য জনগণকে সচেতন করা হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ বন্ধ হলে অবৈধ কার্যক্রম অনেকাংশে কমে যাবে বলে আশা প্রকাশ করে শাহরীয়ার আহ্মেদ চৌধুরী বলেন, 'ঈদের সময় বাংলাদেশে গরুর চাহিদা বেড়ে যাওয়ার কারণে সীমান্তে গরু পাচারের চেষ্টা করা হয়। সীমান্তে বিজিবির প্রতিটি ফাঁড়িতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। কোনভাবেই কোন বাংলাদেশী যাতে জিরো লাইন অতিক্রম করতে না পারে সে ব্যাপারে বিজিবির প্রতিটি সদস্যকে সতর্ক থাকতে হবে।'
মতবিনিময় সভায় গরু চোরাচালান বন্ধের পাশাপাশি সীমান্তের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে মাদক পাচার বন্ধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'যুব সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে বিজিবির পাশাপাশি জনসাধারণকেও সজাগ ও সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।' -বাসস।
ইত্তেফাক/এসএস