দাকোপের পানখালী ফেরিঘাটে নষ্ট হচ্ছে চার ফেরি

সড়ক ও জনপথ বিভাগের কয়েক কোটি টাকা মূল্যের ৪টি ফেরি খুলনার দাকোপের প্রবেশদ্বার পানখালী ফেরিঘাটে অযত্নে পড়ে থেকে মরিচা পড়ে নষ্ট হচ্ছে। ফেরির বিভিন্ন অংশ রাতের আঁধারে চুরিও হয়ে যাচ্ছে।
 
সরেজমিনে জানা যায়, দাকোপের প্রবেশদ্বার বণরপাড়া-পানখালী ফেরিঘাটে দীর্ঘদিন যাবত্ ফেরি চলাচল করে আসছে। কিন্তু এ পর্যন্ত ইঞ্জিনবিহীন ৪টি ফেরি পরিত্যক্ত অবস্থায় প্রায় ১০ বছর যাবত্ ঝপঝপিয়া নদীর উত্তর তীর বণরপাড়ার চরে পড়ে আছে। দীর্ঘদিন একই স্থানে পড়ে থাকায় এসব ফেরি নষ্ট হয়ে যাচ্ছে।
 
ঘাটের পারানা আদায়কারী ব্রজেন রায় এ বিষয়ে বলেন, রক্ষণাবেক্ষণের অভাবে সরকারের কয়েক কোটি টাকার সম্পদ মরিচা পড়ে নদীর চরে কাদায় দেবে নষ্ট হয়ে যাচ্ছে।  এ ব্যাপারে সওজ’র নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ বলেন, যে সমস্ত ফেরি অকেজো হয়ে পড়ে আছে সেগুলোর তালিকা করে অকশন দেওয়ার জন্য পাঠিয়েছি।
 
 
ইত্তেফাক/এএন