মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা বার্সার

লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। বর্তমানে বার্সেলোনার সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত খেলার চুক্তি আছে মেসির। তবে দলের সেরা তারকাকে এরপরেও ধরে রাখতে নতুন চুক্তি করতে চায় লা লিগা চ্যাম্পিয়নরা।
 
এর আগে গত জুলাইয়ে প্রকাশিত খবরে বলা হয়েছিল, নতুন চুক্তি সারতে দুই পক্ষই একমত হয়েছে। বার্তোমেউয়ের কথা অনুযায়ী, ২৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডের নতুন চুক্তিতে সইয়ের আনুষ্ঠানিকতা এখন শুধু সময়ের ব্যাপার। তিনি কাতালুনিয়া রেডিওকে বলেন, ‘মেসির (বর্তমান) চুক্তিতে এখনও দুই বছর অবশিষ্ট আছে, কিন্তু আমরা (চুক্তি) নবায়ন করতে তার সঙ্গে কথা বলবো। কারণ, আমরা চাই তিনি এখানেই খেলা চালিয়ে যাক।’
 
এদিকে উরুগুয়ে ও ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে অংশগ্রহণের আগ মুহূর্তে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন মেসি। যদিও দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে লা লিগা শুরু করেছেন তিনি। 
 
গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর যে হতাশা ভর করেছিল সেটি কাটিয়ে দারুণভাবে নতুন লীগ মৌসুম শুরু করেন পাঁচবারের বর্ষসেরার খেতাব জয় করা ফুটবল তারকা মেসি। লা লিগায় নুতুন মৌসুমে এখন পর্যন্ত অনুষ্ঠিত বার্সেলোনার দুটি ম্যাচেই খেলেছেন তিনি। প্রথম ম্যাচে রিয়াল বেতিসকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিতে জোড়া গোল করেন তিনি। গত রবিবার রাতে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ইভান রাকিটিচের গোলে জয় পায় বার্সেলোনা।
 
বার্তোমেউ বলেন, ‘মেসি বিশ্বের এক নম্বর খেলোয়াড়।’ 
 
ইত্তেফাক/এমএইচ