‘নাটকে প্রয়োজনমত বাজেট নেই’

অভিনয়ের শুরু ক্লাস ওয়ান থেকে। তবে ২০০৭ সালে পেশাদার হিসেবে  অভিনয়ে অঙ্গনে পা রাখেন ইসরাত তন্নী। আর্কিটেকচার বা স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষ করে মিডিয়া নিয়েই এখন বেশি ব্যস্ত।
 
তবে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করে মিডিয়ায় কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আর্কিটেকচার শেষ করার আগেই মিডিয়া সেলিব্রেটি। মূলত আমার ছোট থেকেই ইচ্ছা মিডিয়াতে কাজ করার।
 
মিডিয়াতে তন্নীর কাজের শুরু বিজ্ঞাপন দিয়ে। তার প্রথম বিজ্ঞাপন ছিল সিটিসেল ঝুম, ফুলকলি চানাচুর,নুরজাহান সয়াবিন তৈল। এরপর ঈদে প্রথম খন্ড নাটক ছিলো ‘আউট অফ কন্ট্রোল’।
IMG0
তখন থেকেই তরুণ প্রজন্মের কাছে প্রিয়মুখ তিনি।তবে অভিনয় না মডেলিং প্রিয় কাজ বেছে নেয়ার ক্ষেত্রে তন্নী বলেন,আমি একজন অভিনয় শিল্পী। একজন অভিনয় শিল্পী মানে হচ্ছে সে সব ধরনের অভিনয় করতে পারবে। আমার ইচ্ছা হচ্ছে একজন সিনেমা অভিনেত্রী হওয়া। আর একজন সিনেমা অভিনেত্রী হওয়ার জন্য যতখানি জানা দরকার ততখানি আমার আয়ত্ত্বে আছে। এখন যদি কেউ আমাকে অভিনেত্রী বলে আমি খুশি, আর যদি মডেল বলে তাও আমি খুশি।
 
মিডিয়াতে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমর্থন কার ছিলো জানতে চাইলে তন্নী তার মায়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আব্বু কিছুটা ধার্মিক ছিলেন। আম্মু আগে গান গাইতেন বিয়ের পর আব্বু আম্মুর হারমনিয়াম ভেঙ্গে ফেলেছিলেন। তখন আম্মু খুব কষ্ট পায়। আমার জন্মের পর আম্মু আমাকে গান শিখাতেন। মজার ব্যাপার হলো আমি যখন ভালোই গান গাইতাম আব্বু তখন নিজেই আমার জন্য হারমনিয়াম কিনে আনলেন। আর এটাই ছিলো আমার জন্য সবচেয়ে বড় পাওয়া।
IMG1
সামনের ঈদেই দর্শকরা বেশ কয়েকটি নাটক ও খন্ড নাটকে দেখতে পাবেন তন্নীকে।
 
এর মধ্যে মোস্তফা কামাল রাজ এর পরিচালনায় ‘বিবাহিত ব্যাচেলর’ ও একটি  সিরিয়াল "কমিউনিটি" ডিরেক্টর উল্লেখযোগ্য।
 
এখন পর্যন্ত পর্যন্ত মোট ২০ থেকে ২৫ টা খন্ড নাটক ও প্রায় ১৫টি ধারবাহিকে কাজ করা তন্নী বলেন, আমাদের দেশের মিডিয়া মোগলরা নাটকে যেরকম বাজেট দরকার তা দিচ্ছে না। ভালো বাজেট ছাড়াতো নাটকের মান ঠিক রাখা সম্ভব না। আর একটা নাটক বানাতে দেখা যায় চার থেকে পাঁচ দিন সময় লাগে সেখানে অনেকে দুই দিনের মধ্যে একটা নাটকের কাজ শেষ করে দেয়। আবার অনেকে আছে একদিনেও শেষ করে, আমার মনে হয় তারা অনেক জ্ঞানী তাই তারা পারে। বাজেট ভালো না থাকায় ভালো নাটক হচ্ছে না বলে আমার মনে হয়।
 
বড় পর্দায় কাজ করা নিয়ে তিনি বলেন, আমি একটা সিনেমায় কাজ করেছি ২০১০ সালে। ‘শেষ নায়ক’ শিরোনামের সিনেমাটির অর্ধেকেরই বেশি অংশের কাজ শেষ কিন্তু বাকিটা কবে শেষ হবে তা বলতে পারছি না। সম্প্রতি ‘রাজনীতি’ শিরোনামের একটা সিনেমায় কাজ করেছি। এতে শাকিব খানের বোনের চরিত্রে অভিনয় করি আমি। সামনে ভালো কোনো ছবির প্রস্তাব ফেলে কাজ করার চিন্তা আছে।
 
ইত্তেফাক/এমএইচ