বাগেরহাটে ভৈরব নদীতে মাছ ধরার জালে জড়িয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত. নাজমুল মোল্লা (১৩) সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে।
বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ভৈরব নদীর কেশবপুর গ্রামের স্লুইস গেটে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে নাজমুল দেপাড়া গ্রামের পাঁচ/ছয়জন ট্রলারে করে ভৈরব নদীর কেশবপুর গ্রামের স্লুইস গেটের সামনে মাছ ধরতে আসে। এ সময় নাজমুল মোল্লা ট্রলার থেকে নদীতে পড়ে যায়। পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে নাজমুল স্লুইস গেটের পেতে রাখা জালে জড়িয়ে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।