যৌন কেলেঙ্কারি: দিল্লির নারী কল্যাণমন্ত্রী অপসারণ

 
যৌন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দিল্লির নারী কল্যাণমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
 
বুধবার গভীর রাতে কেজরিওয়াল টুইট করে জানান যে, তার কাছে একটি সিডি এসেছে, যেখানে নারী কল্যাণমন্ত্রী সন্দীপ কুমারকে দুই নারীর সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখা গেছে বলে তাকে জানানো হয়েছে।
 
ঐ সি ডি পাওয়ার আধা ঘণ্টার মধ্যেই সন্দীপ কুমারকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়ার কথা ঘোষণা করে আম আদমি পার্টির সরকার।
 
সন্দীপ কুমার নারী কল্যাণের সঙ্গে সঙ্গে শিশু কল্যাণ দফতরের দায়িত্বেও ছিলেন।
 
উপ-মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জানান, আম আদমি পার্টির মূল নীতিই হল দুর্নীতি, কোনো ধরণের অপরাধ বা নৈতিক চরিত্রে কালি লাগে, এরকম কোনও ঘটনা বরদাস্ত না করা। এর আগেও এক মন্ত্রী এবং পাঞ্জাবের এক নেতার ঘুষ নেওয়ার ঘটনা সামনে এসেছিল, দুজনকেই সরিয়ে দেয়া হয়েছে। এইসব বিষয়ে আম আদমি পার্টি 'জিরো টলারেন্ট'।
 
অভিযুক্ত সন্দীপ কুমারের দাবি, দলিত হওয়ায় আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলা হয়েছে। 
 
অন্যদিকে কেজরিওয়াল বলেছেন, সে (সন্দীপ) আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আম আদমি পার্টির সমর্থকদের বিশ্বাস ভঙ্গ করেছে। খবর: বিবিসি ও এনডিটিভি।
 
ইত্তেফাক/এএসএস